এবার বিএনপির সহ–শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর–৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ‘বিরোধী দলই পারে সরকারি দলকে ঠিক রাখতে। আপনারা যদি পজিটিভ পলিটিকস করেন, তখন দেখবেন সরকার দল পজিটিভ পলিটিকস করতে বাধ্য হবে। কারণ তিনি তো ক্ষমতায় আছেন, তিনি সুযোগ নেওয়ার চেষ্টা করবেন।’
গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত সুধী সমাবেশের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন করা হয়। এমপি নিজান বলেন, ‘রাজনীতিবিদ এত গরিব হলে লাভ হবে না। কোন গরিব?—চিন্তায় গরিব, হৃদয়ে গরিব। আমার নেতা মরহুম সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, ‘রাজনীতিবিদের কলিজা থাকতে হবে সিনার বাহিরে আড়াই ইঞ্চি। এত ছোট হয়ে আমরা যদি রাজনীতি করি তাহলে কিন্তু রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি আরও বলেন, ‘কালো–সাদা দ্বন্দ্ব, হিন্দু–মুসলমানের দ্বন্দ্ব, এগুলো কিন্তু যুগ যুগ ধরে রাজনীতিবিদরা গড়েছেন স্বার্থের জন্য, সুযোগের জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যত নতুন দিন আসতেছে, সময় আসছে, তত বেশি জটিলতা বাড়ছে। কারণ আমাদের নৈতিক অবক্ষয় ঘটেছে। যিনি যত বড় ধার্মিক, তিনি তত বড় সৎ। কারণ কোনো ধর্মেই অসত্যের কথা নেই। অসুরকে নিপাত করার জন্যই কালী, দুর্গা কিংবা প্রপেট কিংবা আমাদের অলি–আউলিয়া, উনারা সবাই সৎ ছিলেন।’
লক্ষ্মীপুর–৪ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ‘একদিনে আমাদের মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, আমরা সকলে একটা বড়ি খেয়ে গণতান্ত্রিক হয়ে যাব, এটা ভুল কথা। তাহলে ভোটারদের টাকা দিলাম কেন? ভোটে যারা আমরা ধর্মীয় দল, আমরা ভেতরে ভেতরে টাকা দেওয়ার চেষ্টা করেছি, ঘুষ দেওয়ার চেষ্টা করেছি, আমরা মহিলাদের টাকা দেওয়ার চেষ্টা করেছি। কারণ আমরা নৈতিকভাবে ঠিক না তো। হ্যাঁ, চেঞ্জ হবে, এই চেঞ্জ আমরা চাচ্ছি।’



















