৫ আগস্টের পর অনেক সুবিধাবাদী শ্রেণি হয়রানির উদ্দেশ্যে অনেক মামলা করে হাজার হাজার আসামি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ৷ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷
মন্ত্রী বলেন, “প্রত্যাহার করা মামলার মধ্যে হত্যা মামলা, মাদক, নারী ও শিশু বাদে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে ৷ আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে৷ অস্ত্র, বিস্ফোরক মামলা তো আছেই৷
“রাজনৈতিক উদ্দেশ্যে এমন মামলা আমরা যাচাই বাছাই করে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করার বিষয়ে আরেকটি উদ্যােগ নিয়েছি৷ এটার যাতে অপব্যবহার না হয় সেটা যাচাই বাছাই করে কি করা যায় দেখব৷”
তিনি বলেন, “পাঁচ আগস্টের পর এমন অনেক মামলা হয়েছে যেখানে শত শত হাজার হাজার আসামী করা হয়েছে হয়রানির উদ্দেশ্যে৷ এমন কিছু মামলা আছে৷ কিছু সুবিধাবাদী শ্রেনী৷ এরকম কিছু আমাদের নজরে এসেছে৷ এগুলো যাচাই বাছাই করে আমরা শনাক্ত করব৷ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে৷ মামলাবাজির মধ্যে দিয়ে কাউকে হয়রানি সেটা বন্ধ করতে হবে৷”





















