পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য আজ, বুধবার ২৯ রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে সূর্যাস্তের পর চাঁদ দেখা চেষ্টা করা হবে। এছাড়া বাহরাইন, কুয়েত, ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন, সুদান ও ইরাকের কয়েকটি অঞ্চলেও একই দিনে চাঁদ দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আজ চাঁদ দেখা সম্ভাবনা কম। কারণ চাঁদ সূর্যাস্তের আগে অস্ত যাবে, ফলে খালি চোখে তা দেখা সম্ভব হবে না।
অন্যদিকে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিসর ও উত্তর আফ্রিকার দেশগুলোতে বৃহস্পতিবার ২৯ রমজান পূর্ণ হবে। এসব দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ পর্যবেক্ষণ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, পূর্বাঞ্চলীয় অঞ্চলে চাঁদ দেখা প্রায় অসম্ভব হলেও মধ্যাঞ্চলে তা কিছুটা কঠিন হলেও দেখা যেতে পারে।
এই পরিস্থিতিতে চাঁদ দেখা সাপেক্ষে অধিকাংশ দেশে পবিত্র ঈদুল ফিতর শুক্রবার বা শনিবার উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের ইসলামিক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর।



















