এবার রাজধানীর ডেমরায় আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া হ্যান্ডকাফ, বিদেশি পিস্তল এবং র্যাবের কটিসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন র্যাব ফোর্সেস সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
প্রাথমিকভাবে র্যাব সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ ডাকাত চক্র দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে হাইওয়েসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং তাজা গুলি, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে থানা থেকে লুট হওয়া দুই সেট হ্যান্ডকাফ, দুটি র্যাব জ্যাকেট (কটি) এবং একটি ওয়াকিটকি সেট। এ ছাড়া, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গ্রেপ্তাররা মূলত একটি পেশাদার ডাকাত চক্রের সদস্য। তারা র্যাবের কটি ও হ্যান্ডকাফ ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতো। থানা থেকে লুট হওয়া সরঞ্জাম ব্যবহার করে তারা এসব অপরাধ করে আসছিল বলে দাবি করেন তিনি। তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং লুট হওয়া সরঞ্জাম তারা কোথায় পেয়েছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















