এবার রাজধানীতে দাপিয়ে বেড়ানো লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৬ মে) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। বিআরটিএর ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য পণ্যবাহী মোটরযানের ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণ করা হয়। ফাইল ছবি ডিএমপির বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর এলাকায় নির্ধারিত ‘ইকোনমিক লাইফ’ অতিক্রম করা যানবাহন চলাচল না করার জন্য সংশ্লিষ্ট মালিক ও চালকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি জানায়, বর্তমানে কিছু লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী বাস এবং পণ্যবাহী যানবাহন রাজধানীতে চলাচল করছে। এসব যানবাহন প্রায়ই রাস্তা, উড়ালসড়ক ও সেতুর ওপর বিকল হয়ে তীব্র যানজটের সৃষ্টি করছে। ফলে জনদুর্ভোগ চরম রূপ ধারণ করে এবং সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর এলাকায় ইকোনমিক লাইফ অতিক্রান্ত সব ধরনের ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য পণ্যবাহী মোটরযানের ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়া বিশেষ করে লক্কড়ঝক্কড় ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল অব্যাহত থাকলে সেগুলোর বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান চালানো হবে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে জরিমানা, যানবাহন ডাম্পিংয়ে পাঠানোসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।













