এবার তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় নতুন নাটকীয়তা দেখা দিয়েছে। একাধিক দল সমর্থন জানালেও থালাপতি বিজয় এখনো সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি বলে জানিয়েছেন রাজ্যপাল। ফলে শনিবার (৯ মে) মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ অনুষ্ঠান হচ্ছে না। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৮ মে) আবারও রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। তবে রাজ্যপাল জানান, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি। এ কারণে বিজয়কে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।
তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসনের সমর্থন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে দাবি করা হয়, চারটি দল সমর্থন জানালে টিভিকে জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০–এ। কিন্তু সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বাস্তবে বিজয়ের জোটের আসন সংখ্যা ১১৬, যা সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও দুই আসন কম।
সূত্রের দাবি অনুযায়ী, ভিসিকে দলের সমর্থন থাকলেও ভিসিকে এবং আইইউএমএল নামে আরেকটি দলের সমর্থনের চিঠি রাজ্যপালের কাছে দেখাতে পারেননি বিজয়। পরে আইইউএমএল এক বিবৃতিতে জানায়, তারা টিভিকে–কে সমর্থন করবে না। একই সঙ্গে টিটিভি নামের আরেকটি দলও জানিয়েছে, তারা বিজয়কে সরকার গঠনে সমর্থন দেবে না। এদিকে, শুক্রবার সন্ধ্যায় টানা তিন দিনের মতো রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি বিজয়।
উল্লেখ্য, গত ৪ মে প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা যায়, থালাপতি বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয় পেয়েছে। সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তাদের আরও অন্তত ১০ বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। সূত্র: এনডিটিভি























