এবার নরসিংদী জেলা ছাত্রদলের নতুন কমিটিতে স্বামী সহসভাপতি হওয়ায় ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী। এর আগে, ৩৮০ সদস্যের এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। কমিটিতে ২ নং সহসভাপতি হয়েছেন সজীব পাল জুম্মন।
এ কমিটি ঘোষণার পর তার স্ত্রী ফেসবুকে একটি ছবিসহ কমিটির তালিকা প্রকাশ করেছেন। ছবিতে রয়েছেন স্বামী–স্ত্রী দুজনেই। এরই পাশাপাশি তিনি লেখেন, ‘প্রাণঢালা অভিনন্দন জামাই। নরসিংদী জেলা ছাত্রদলের ২ নং সহসভাপতি।’ এই পোস্টের সূত্র ধরে কমিটিতে স্থান না পাওয়া ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
তাদের দাবি, এই পোস্টই প্রমাণ করে যে ঘোষিত কমিটিতে রাজপথের ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। বিবাহিত এবং এমনকি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন এমন ১৫–২০ জনকেও এই কমিটিতে পদ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাঈনউদ্দিন ভূঁইয়া জানান, `আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, বিগত আন্দোলনে মিছিলে সবার পেছনে থাকা কর্মীটিও মূল্যায়িত হবে। কিন্তু এই কমিটিতে রাজপথের সামনের সারিতে থাকা লড়াকু নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে বিদেশে থাকা ব্যক্তিদের নাম তালিকায় স্থান পাওয়া অত্যন্ত দুঃখজনক।‘
























