কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দখল হয়ে গেছে এবং বিএনপি এখন চাঁদাবাজ-টেন্ডারবাজদের দলে পরিণত হয়েছে।
রোববার (১৭ মে) রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা দেখলাম দুদক, মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, ব্যাংকগুলোকে পর্যন্ত দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে কীভাবে মাফিয়া কায়দায় দখল করা হয়েছে সেটাও দেখলাম। বিসিবিকে দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হয়েছে। মানুষের তো চক্ষু লজ্জা থাকে, কিন্তু তাদের (বিএনপির) কোনো চক্ষু লজ্জা নাই। এই কারণে বলছি— বিএনপি ইজ রিজেক্ট।”
তিনি আরও বলেন, বিএনপি আদর্শিক রাজনীতি থেকে সরে গিয়ে এখন চাঁদাবাজ ও টেন্ডারবাজদের দলে পরিণত হয়েছে। দলের নেতাকর্মীরাও বর্তমান বিএনপিকে আগের বিএনপি হিসেবে চিনতে পারছেন না বলেও দাবি করেন তিনি।
সমাবেশে হাসনাত বলেন, “যারা বিএনপির জন্য রাজপথে লড়াই করেছে, জেল-জুলুম সহ্য করেছে, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেনি, তারাই এখন বলছে—আজকের বিএনপি সেই বিএনপি নয়।”
দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, যেখানে একজন মানুষ তার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে। একটি নির্দিষ্ট পরিবারের বাইরে থেকেও নেতৃত্বে আসার সুযোগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা বলছি না কেউ স্বৈরাচার হয়ে গেছে, তবে কেউ যেন স্বৈরাচার হতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।”
রাষ্ট্রীয় বিভিন্ন খাতে সংস্কারের দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, সেবা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে পরিবর্তন আনতে হবে এবং সরকারি সুবিধা সবার জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে।
দলের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী কুমিল্লা পদযাত্রার প্রথম দিনে জেলার মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলায় পৃথক কর্মসূচিতে অংশ নেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী নিজামুল আহসান পাপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং উপজেলা এনসিপির সমন্বয়ক আবুল কাশেম অভি।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য সৌরভ জামিল, জেলার যুগ্ম সমন্বয়ক মো. টিটু ও মো. খালিদসহ দলীয় নেতাকর্মীরা।

























