ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে নতুন সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন। খবর এনডিটিভির।
ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যা একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে পারে। তবে এক্সিওস–এর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন ইরানের সংশোধিত প্রস্তাব আগের তুলনায় কোনো বড় অগ্রগতি নয় এবং তা যথেষ্ট নয়। এ বিষয়ে ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেন, তিনি ইরানের কাছে কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নন। তার দাবি, ইরান ভালোভাবেই জানে সামনে কী হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমি বিরক্ত নই, তবে ইরান এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি চুক্তি করতে চায়, কারণ তারা জানে সামনে কী হতে পারে। বিশেষজ্ঞদের মতে, নতুন করে সংঘাত শুরু হলে এটি স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র হতে পারে। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স–এর গবেষক হামিদরেজা আজিজি বলেন, আগের দফায় ইরান দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল এবং সে কারণে ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।
কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। ইরান সম্ভাব্য যুদ্ধকে দ্রুত কিন্তু ভয়াবহ আকারে দেখতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র ও মিত্রদের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের হামলা চালায়, তাহলে ইরানের জ্বালানি খাত, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

























