স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ধরনের অবৈধ তদবির বা দুর্নীতি বরদাশত করা হবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তিনি। এজন্য কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে এবং জবাবদিহির বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। বিভিন্ন বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সভায় থানার ওসিদের উদ্দেশে কড়া নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, কোনো ওসি যেন সরাসরি মন্ত্রীর কাছে ফোন না করেন। চেইন অব কমান্ড বজায় রাখতেই হবে, পুলিশের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না।
বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, প্রথম বৈঠকেই মন্ত্রী মন্ত্রণালয় পরিচালনায় একটি স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। তিনি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিষয়ে জড়িত না হয়ে নিজ নিজ দায়িত্বে মনোযোগী থাকার আহ্বান জানান।
গত ১৭ বছরের পুলিশি কার্যক্রমের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীত নিয়ে পেছনে ফিরে যেতে চান না তিনি। সামনে এগিয়ে গিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। কাজের মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
সড়কে জনগণের ভোগান্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনগণকে দুর্ভোগে ফেলে কোনো কর্মসূচি নেওয়া যাবে না। প্রয়োজনে রাস্তার এক লেন চালু রেখে কর্মসূচি পরিচালনার বিষয়টি বিবেচনায় রাখতে পুলিশকে নির্দেশ দেন তিনি।
প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাবি আদায়ের নামে কোনো ধরনের ‘মব কালচার’ সহ্য করা হবে না। গণতান্ত্রিক কর্মসূচি চলবে, তবে মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
পুলিশ বাহিনী সম্পর্কে তিনি বলেন, সাধারণ মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে মূলত পুলিশকেই বোঝে। তাই পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এবং অতীতে ক্ষুণ্ন হওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করতে হবে।
এর আগে বিকেলে মন্ত্রণালয়ে পৌঁছালে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। সকালে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার নামফলক সরিয়ে তার নামফলক স্থাপন করা হয়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ঢাকার পুলিশ কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজি উপস্থিত ছিলেন।




















