এবার যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসরের পরিবারের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত এই উপহারসামগ্রী হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা–মা।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হলের সামনে আন নাসরের বাড়িতে গিয়ে এই উপহারসামগ্রী তুলে দেয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার শিশুটির পরিবারের হাতে তুলে দেন।
জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী সফরে যশোরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন দুপুরে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার পথে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন। সে সময় ফুল হাতে শিশু আন নাসরকে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বাস থেকে নেমে তাদের কাছে যান। তিনি তাদের সঙ্গে ছবি তোলেন এবং কিছু সময় কাটান।
সফর শেষে ফিরে গিয়েও প্রধানমন্ত্রী সেই শিশুর কথা মনে রেখেছেন এবং বাড়িতে উপহার পাঠিয়েছেন; এতে আবেগপ্রবণ হয়ে পড়েন আন নাসরের বাবা–মা। তারা জানান, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রধানমন্ত্রীর এই উপহার তাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি বলেও উল্লেখ করেন তারা।





















