এবার দেশজুড়ে বাড়ছে কালবৈশাখীর দাপট। ঢাকা, রাজশাহী, রংপুরসহ দেশের পাঁচ বিভাগে থেমে থেমে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া পরিস্থিতির বিশ্লেষণ অনুযায়ী, আজ রাত ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জারির পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ পরামর্শ দেয়া হয়েছে। শনিবারের (২ মে) কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস— শিরোনামে দেয়া এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি লেখেন, আজ শনিবার সকাল ৯টার সময় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। সকাল ৮টা ৪৫ মিনিটে পাওয়া সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে শনিবার রাত ১২টা পর্যন্ত বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর ওপর বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: সকাল ৯টার পর থেকে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলায় হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এই বিভাগের কৃষকদের আজ সার কিংবা কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ঢাকা বিভাগ: সকাল ৯টার পর থেকে রাত ১২টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর ও উত্তর–পূর্ব দিকের সকল জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা শহরের ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে সকাল ১০টার পর থেকে দুপুর ২টার মধ্যে। ঢাকা বিভাগের কৃষকদের আজ সার কিংবা কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দেয়া হচ্ছে।
ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলোতে দুপুর ১২টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ওপর বৃষ্টিপাত হচ্ছে, যা সকাল ১১টা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দুপুরের পর থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই বিভাগে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। কৃষকরা সার কিংবা কীটনাশক প্রয়োগের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের ২/১টি জেলার ওপর বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। আজ দুপুর ৩টার পর থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই বিভাগে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। কৃষকরা সার কিংবা কীটনাশক প্রয়োগের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলায় বৃষ্টিপাত হচ্ছে। আজ সারাদিন একাধিকবার বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আজ রাতে আবারও সকল জেলায় বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজ ও আগামীকাল সিলেট বিভাগের জেলাগুলোতে আবারও মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: সকাল ৯টার পর থেকে দুপুর ১টার মধ্যে একবার এবং দুপুর ৩টার পর থেকে রাত ৮টার মধ্যে আরেকবার বজ্রপাতসহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায়। আজ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার ওপর তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
খুলনা বিভাগ: আজ দুপুর ১২টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুর ১২টার পর থেকে বিকেল ৫টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকেই খুলনা বিভাগের জেলাগুলোতে আবহাওয়া ভালো হতে শুরু করবে। আজ কিংবা আগামীকাল থেকে ধান কাটা ও মাড়াই শুরু করতে পারবেন। আগামীকাল রোববার থেকে জমিতে সার কিংবা কীটনাশক প্রয়োগ করা যাবে।





















