এবার ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। তামিলনাড়ু প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। প্রাথমিক ফলাফল প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বিজয়ের বাড়িতে উদযাপন শুরু হয়েছে।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে ভোট গণনা চলার পর দেখা যাচ্ছে, বিজয়ের দল টিভিকে তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৬টিতে এগিয়ে রয়েছে। অল ইন্ডিয়া আন্না দ্রাবিদা মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে) নেতৃত্বাধীন জোট ৭১টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। আর ক্ষমতাসীন দ্রাভিদা মুন্নেত্রা কাজাগাম (ডিএমেকে), যারা কংগ্রেস ও ডিএমডিকের সঙ্গে জোটে রয়েছে, তারা ৫৬টি আসনে এগিয়ে থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে।
প্রাথমিক ফলাফলের প্রবণতা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বিজয়ের বাড়িতে উদযাপন শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতার পরিবারের সদস্যরা—তার বাবাসহ—উচ্ছ্বাসে মেতে উঠেছেন। কেউ আনন্দে লাফাচ্ছেন, কেউ একে অপরকে জড়িয়ে ধরছেন, আবার কারও চোখে আনন্দের অশ্রুও দেখা যাচ্ছে।
বাড়ির বাইরে ইতিমধ্যে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ দলীয় কর্মী ও ভক্তরা অভিনন্দন জানাতে ভিড় করতে পারেন। তথ্যসূত্র: এনডিটিভি





















