এবার পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজের কাজেও দ্রুত হাত দেবে সরকার—এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি জনকল্যাণে এমন নানা কর্মসূচি গ্রহণ করেছে, যা অন্য কোনো দল করেনি। দুর্যোগ থামানো সম্ভব না হলেও, কীভাবে দেশের মানুষকে দুর্যোগের ক্ষতি থেকে রক্ষা করা যায়, সে লক্ষ্যেই কাজ করছে বিএনপি। গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বন্যা, খরা, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের নিত্যসঙ্গী বাংলাদেশ। অথচ এখনো এ বিষয়ে পূর্ণাঙ্গ কোনো গবেষণা ও প্রশিক্ষণভিত্তিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষিত জনবল তৈরি এবং জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগ নিয়ে গবেষণার উদ্দেশ্যে গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় নির্মিত হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন। বুধবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তিনি তালগাছের চারা রোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে ব্যারেজ নির্মাণের কারণে দেশের উত্তর ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিচ্ছে। এ সংকট মোকাবিলায় পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, অনেকেই খাল খনন কর্মসূচিকে শুধু বিএনপির রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখাতে চান। অথচ সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনেও খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর স্মৃতিবিজড়িত একটি উপহার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।

























