এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আজ দিনের শেষে ‘সুসংবাদ’ আসার সম্ভাবনা রয়েছে। রোববার দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চার দিনের সফরে ভারতে রয়েছেন মার্কিন পরারাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমি মনে করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
রুবিও বলেন, এই সম্ভাব্য শান্তিচুক্তি হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ নিরসন করবে। তিনি আরো বলেন, এই চুক্তি এমন একটি ‘প্রক্রিয়া শুরু করবে, যেখানে ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে আর ভয় বা উদ্বেগ থাকবে না’।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেন, ইসরাইল এবং এই অঞ্চলের অন্য মিত্রদের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তির ‘বেশির ভাগই চূড়ান্ত’ হয়েছে।
এই আলোচনাকে ‘শান্তিসংক্রান্ত একটি সমঝোতা স্মারক’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, প্রস্তাবিত এই সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। তবে, ইরান ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে যে, তেহরান হরমুজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে। সূত্র: এনডিটিভি





















