রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল ও মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ নিজেই।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে আবু সাইদ চাঁদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সামনের কাতারে থেকে রাজনৈতিক অঙ্গনে নেতৃত্বে দিয়ে আসছিলেন আবু সাইদ চাঁদ। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে ৮৫টি মিথ্যা মামলার শিকার হয়েছেন চাঁদ। জেল জুলুমকে তোয়াক্কা না করে ফ্যাসিস্ট সরকারের বুলেট বোমা উপেক্ষা করে চাঁদ সব সময় বিএনপির আন্দোলনে ছিলেন অকুতোভয় এক সৈনিক। বিএনপির দুঃসময়ে তিনি নেতাকর্মীদের আগলে রেখে আন্দোলন করেছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো।
মনোনয়ন পাওয়ায় প্রতিক্রিয়ায় চাঁদ বলেন, দল আমাকে চূড়ান্তভাবে রাজশাহী-৬ আসনে মনোনীত করেছে। আমি বিএনপির হাইকমান্ডসহ চারঘাট-বাঘাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাজশাহী-৬ আসনে আরও যারা বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তারাও বিএনপি পরিবারের। আমি মনোনয়নপ্রত্যাশী সবাইকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কাজ করব ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, রাজনীতি করতে গিয়ে আমি আমার গর্ভধারিণী মা ও আমার জীবন সঙ্গীকে হারিয়েছি। জীবনের বেশির ভাগ সময় পার করতে হয়েছে জেলে। ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে আমাকে বার বার জেলে যেতে হয়েছে। তবুও আমাকে দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্ট সরকার। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে চারঘাট-বাঘার সর্বস্তরের জনতা ধানের শীষে সিল দিয়ে প্রমাণ করবে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন বিএনপির ঘাঁটি।

























