এবার ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর হাট ও খামারগুলোতে দেখা মিলছে বাহারি নামের গরু–মহিষের। এসব পশুকে ঘিরে তৈরি হচ্ছে দর্শনার্থীদের আগ্রহ ও কৌতূহল। এবার নারায়ণগঞ্জের একটি খামারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ব্যতিক্রমধর্মী একটি মহিষ যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটি এলভিনো জাতের। এর গায়ের গোলাপি আভাযুক্ত সাদা রং এবং সামনের দিকে স্টাইলিশ চুলের আকৃতির কারণে মজার ছলে এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
খামার সূত্রে জানা গেছে, নামটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকেই মহিষটি দেখতে ভিড় করছেন অনেকে। অনেক ক্রেতা এটি কিনতে আগ্রহ প্রকাশ করলেও ইতোমধ্যে এক ব্যক্তি মহিষটি বুকিং দিয়ে রেখেছেন। ফলে ‘ডোনাল্ড ট্রাম্প’ কিনতে না পেরে হতাশ হয়েছেন অনেক আগ্রহী ক্রেতা।
খামারের কর্মচারীরা জানান, মহিষটি সাধারণ দেশীয় গরুর মতোই ঘাস, ভুট্টা ও ভূসি খেতে পছন্দ করে। বিশেষ যত্নে লালন–পালন করা হয়েছে এটিকে। প্রসঙ্গত, বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে বড় ও আকর্ষণীয় গরু–মহিষের ব্যতিক্রমী নামকরণের একটি প্রচলন রয়েছে। প্রতিবছরই বিভিন্ন খামারে ‘রাজা’, ‘সুলতান’, ‘বাহুবলী’ কিংবা আলোচিত ব্যক্তিত্বদের নামে পশুর নাম রাখা হয়, যা ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।
























