এবার এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’র পর ভাইরাল হওয়া ‘নেতানিয়াহু’ বিক্রি হয়েছে ৬ লাখ টাকায়। তবে নেতানিয়াহুর চেয়ে অনেক কম দামে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। ফলে কোরবানির বাজারে নেতানিয়াহুর কাছে হেরে গেল ট্রাম্প। ট্রাম্পের মতো নেতানিয়াহুও যাবে রাজধানী ঢাকায়।
ইতিমধ্যে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্ম থেকে ৭০০ কেজি ওজনের মহিষ ট্রাম্পকে পুরান ঢাকায় ক্রেতার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে মহিষ নেতানিয়াহু এখনো বন্দর উপজেলার এসএস ক্যাটল এগ্রো ফার্মে রয়েছে। ট্রাম্পকে দেখতে না পেয়ে দর্শনার্থীরা হতাশ হলেও নেতানিয়াহুকে দেখতে প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থীদের ভিড়।
জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের মতো নারায়ণগঞ্জের বন্দরের এসএস ক্যাটলের মহিষ নেতানিয়াহুও ভাইরাল হয়। নেতানিয়াহুর ওজন ৭৬০ কেজি। এ মহিষটিকেও দেখতে প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থীদের ভিড়। এসএস ক্যাটল এগ্রোর ম্যানেজার মেহেদী হাসান জানান, এলভিনো জাতের ৭৬০ কেজি ওজনের মহিষ নেতানিয়াহু ৬ লাখ টাকায় বিক্রি হয়েছে। এটি রাজধানী ঢাকার এক ক্রেতা ক্রয় করেছেন। ঈদের আগে নিয়ে যাবেন।
অন্যদিকে পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মের ভাইরাল মহিষটির গায়ের রঙ ও চুলের স্টাইলের কারণে ফার্মটির মালিক এর নাম রাখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে। ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের কারণে মহিষটি আলোচনায় আসে। ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে ডোনাল্ড ট্রাম্পকে কিনে আনা হয়। রাজধানী পুরান ঢাকার এক ক্রেতা ট্রাম্পকে সাড়ে ৩ লাখ টাকায় ক্রয় করেন। ভাইরাল হওয়া মহিষটিকে গত শুক্রবার ক্রেতার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা।

























