এবার রাজধানী ঢাকার চারটি গুরুত্বপূর্ণ আসনে শীর্ষ রাজনৈতিক নেতাদের অবস্থান নিয়ে একটি জরিপ প্রকাশ করেছে ‘সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশ’। জরিপের ফলাফলে দেখা গেছে, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধানেরা নিজ নিজ আসনে এগিয়ে থাকলেও ঢাকা–১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে পিছিয়ে রয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে এই জরিপের ফল প্রকাশ করা হয়। ফলাফল উপস্থাপন করেন সংগঠনটির প্রেসিডেন্ট ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শিব্বির আহমদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর।
‘সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা, যা বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও বিকাশের জন্য কাজ করে বলে নিজের ওয়েবসাইটে উল্লেখ করেছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, গত ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনে ঢাকার চারটি আসনে দৈবচয়নের ভিত্তিতে ২ হাজার ২৪১ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ৫৩ দশমিক ৮০ শতাংশ এবং নারী ৪৬ দশমিক ২০ শতাংশ। ধর্মভিত্তিক হিসাবে অংশ নেন ২ হাজার ১৫৪ জন মুসলিম, ৮২ জন হিন্দু এবং অন্যান্য ধর্মের ৫ জন।
জরিপে ঢাকা–১৩ আসনে ৬০৬ জন ভোটারের মতামত নেওয়া হয়। ‘এই আসনে কে বিজয়ী হতে পারেন’—এমন প্রশ্নের উত্তরে ৪২ দশমিক ৬ শতাংশ ভোটার বিএনপির প্রার্থী ববি হাজ্জাজকে সম্ভাব্য বিজয়ী হিসেবে মনে করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে সম্ভাব্য বিজয়ী মনে করেন ৩৯ দশমিক ৬ শতাংশ ভোটার। কে নির্বাচিত হতে পারেন তা জানেন না ১০ দশমিক ৪ শতাংশ এবং ৫ দশমিক ৯ শতাংশ এ বিষয়ে মন্তব্য করতে চাননি। ‘আজ নির্বাচন হলে কাকে ভোট দেবেন’—এই প্রশ্নের উত্তরে ৩৬ দশমিক ৮ শতাংশ ববি হাজ্জাজ এবং ৩৪ শতাংশ মামুনুল হককে ভোট দেওয়ার কথা জানান।
জরিপের ফল অনুযায়ী, ঢাকা–১৭ আসনে ৫১৫ জন ভোটারের মধ্যে ৪৬ দশমিক ৪ শতাংশ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য বিজয়ী মনে করেন এবং ২৭ দশমিক ৪ শতাংশ জামায়াতের প্রার্থী স ম খালিদুজ্জামানের নাম বলেন। জানেন না ২১ দশমিক ৬ শতাংশ এবং মন্তব্য করতে চাননি ৩ দশমিক ৩ শতাংশ। আজ নির্বাচন হলে ৩৫ শতাংশ তারেক রহমান এবং ৩২ শতাংশ খালিদুজ্জামানকে ভোট দেওয়ার কথা জানান।
ঢাকা–১৫ আসনে ৫১৪ জন ভোটারের ওপর পরিচালিত জরিপে ৪৯ দশমিক ২ শতাংশ মনে করেন জামায়াতের আমির শফিকুর রহমান বিজয়ী হতে পারেন এবং ৩২ দশমিক ৫ শতাংশ বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খানকে সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখেন। জানেন না ১৩ দশমিক ৮ শতাংশ এবং ৪ দশমিক ১ শতাংশ কোনো মন্তব্য করেননি। আজ নির্বাচন হলে ৩৯ দশমিক ৫ শতাংশ শফিকুর রহমান এবং ৩০ শতাংশ শফিকুল ইসলাম খানকে ভোট দেওয়ার কথা জানান।
ঢাকা–১১ আসনে ৬০৬ জন ভোটারের মতামতে ৪৫ দশমিক ৭ শতাংশ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে সম্ভাব্য বিজয়ী মনে করেন এবং ৪০ দশমিক ৬ শতাংশ বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের সম্ভাবনার কথা বলেন। জানেন না ৮ দশমিক ৩ শতাংশ এবং মন্তব্য করেননি ২ দশমিক ৮ শতাংশ। আজ নির্বাচন হলে ৪১ দশমিক ৪ শতাংশ নাহিদ ইসলাম এবং ৩৭ শতাংশ এম এ কাইয়ুমকে ভোট দেওয়ার কথা জানান। উল্লেখ্য, জরিপে দুই হাজারের বেশি ভোটারের কাছে ‘কে প্রধানমন্ত্রী হতে পারেন’—এমন প্রশ্ন করা হলে ৪২ দশমিক ১ শতাংশ তারেক রহমান এবং ৩৪ দশমিক ৯ শতাংশ শফিকুর রহমানের নাম বলেন।


















