এবার কোনো ধর্ম–বর্ণ বা গোত্রকে টার্গেট করে কারও কোন ক্ষতিসাধন না করা হয় সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হওয়ায় সেখানে ইসলাম ধর্মকে আলাদাভাবে চিহ্নিত করা উচিত নয়। এছাড়া কোনো ধর্ম–বর্ণ বা গোষ্ঠীকে টার্গেট করে যেন ক্ষতিসাধন না করা হয় সে বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গসহ পৃথিবীর যেকোনো জায়গায় যদি নিরীহ মানবগোষ্ঠীর উপর জুলুম করা হয় আমরা তার বিপক্ষে। মজলুম যেখানে আছে, আমরা সবসময় সেই মজলুমের পক্ষেই থাকবো। অপরদিকে গাজীপুরের কাপাসিয়ায় পাঁচজনকে কুপিয়ে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।
এছাড়া জাপানে আটদিনের সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান জামায়াত আমীর। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান।





















