এবার রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আবেগঘন পোস্ট দিয়েছেন জামায়াত আমির ও সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২০ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ পোস্ট দিয়ে তিনি এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীর শাস্তি দাবি করেন।
ফেসবুক পোস্টে জামায়াতের আমির লিখেছেন, ‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা–বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন। তুমি চলে গেছ– তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।’
সবশেষে জামায়াত আমির লেখেন, ‘আল্লাহ তা’আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা–মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।’ গতকাল মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসায় খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসার বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার হয়। রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশের ধারণা, বিকৃত যৌনলালসার শিকার হয়েছিল সে। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশে শিশুটির মাথা ফেলা হয়েছিল। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না গ্রেপ্তার করে।






















