এবার যুক্তরাষ্ট্রের নতুন হামলার জেরে মধ্যপ্রাচ্যে অবস্থিত দেশটির ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা জর্ডানের আল আজরাক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে। এর কিছুক্ষণ পর কুয়েতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (১০ জুন) সকালে সলিড ফুয়েলের দূরপাল্লার মিসাইল দিয়ে জর্ডানের ঘাঁটিতে আঘাত হানে তারা। সেখানে যুক্তরাষ্ট্রের সেনারা রয়েছে। এছাড়া সেখানে মার্কিনিদের অত্যাধুনিক এফ–৩৫ যুদ্ধবিমানও আছে।
তবে জর্ডানে কোনো সতর্কতামূলক সাইরেন বাজেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। অপরদিকে কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য হামলার কারণে সাইরেন বাজছে। পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার কথাও বলে তারা। বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, “কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর আকাশযান বা লক্ষ্যবস্তুসমূহকে প্রতিহত করছে।” হামলার ব্যাপারে সরকারি নির্দেশনা মানতে এবং সরকারি তথ্যের ওপর সবাইকে নির্ভর করতেও আহ্বান জানিয়েছে তারা।
কুয়েত ও জর্ডানে হামলার আগে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর ঘাঁটিতেও হামলা চালায় বিপ্লবী গার্ড। পারস্য উপসাগরের তীরে অবস্থিত বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যখন যুদ্ধ বাঁধে তখন বাহরাইনের রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান।
গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। সূত্র: সিএনএন
























