আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম–২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী মো. আবদুল্লাহ মিয়া বাবলু। স্থানীয় নেতাকর্মীদের অনুরোধ, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এক বিজ্ঞপ্তিতে মো. আবদুল্লাহ মিয়া বাবলু জানান, শাপলা কলি প্রতীকের প্রার্থী ড. আতিক মুজাহিদকে বিজয়ী করতে গণঅধিকার পরিষদের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এই আসনে পরিবর্তন আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে মো. আবদুল্লাহ মিয়া বাবলু বলেন, আমি গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ছিলাম, তবে বিশেষ কারণে চূড়ান্তভাবে মনোনয়নপত্র জমা দিইনি। দলীয় প্রার্থী না থাকায় মাঠপর্যায়ের নেতাকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করে ড. আতিক মুজাহিদের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তাদের অনুরোধেই আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এই সমর্থনের কথা জানিয়েছি।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে এরমধ্যে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গেও অনানুষ্ঠানিক সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। যদিও জেলা কমিটির কোনো আনুষ্ঠানিক সভা বা অনুমোদন এখন পর্যন্ত নেওয়া হয়নি।
ড. আতিক মুজাহিদের প্রতিক্রিয়া গণঅধিকার পরিষদের এই সমর্থনকে স্বাগত জানিয়ে ড. আতিক মুজাহিদ বলেন, আমি কুড়িগ্রামের গণমানুষের জন্য কাজ করতে এসেছি, কোনো একক দলের নেতা হিসেবে নয়। কুড়িগ্রামে ন্যায়, ইনসাফ ও সংস্কারপন্থিদের মাঝে যে গণজাগরণ তৈরি হয়েছে, সেই যাত্রায় বাবলু ভাই আমাদের সহযোদ্ধা হিসেবে যুক্ত হয়েছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।























