এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় দিনে শুক্রবার (১৩ জুন) কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হলো বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। জমকালো অংশগ্রহণ ছিল নোরা ফাতেহির। তার সঙ্গে ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। ডিজে সঞ্জয় তার পারফর্মের সময় বারবার বাংলাদেশের বাঘকে তার পোশাকের মাধ্যমে পুরো বিশ্বকে দেখাচ্ছিলেন। এতে বিশ্বসহ নজর কাড়ে সমগ্র বাংলাদেশিদের। স্বাগতিক কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের ঠিক আগে টরন্টো স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক এই সাংস্কৃতিক মহোৎসবে বৈশ্বিক দর্শকদের মূল আকর্ষণদের অন্যতম ছিলেন বিশ্বখ্যাত পারফর্মার নোরা ফাতেহি, যার চোখ ধাঁধানো নৃত্যশৈলী পুরো স্টেডিয়ামকে মুহূর্তেই মাতিয়ে তোলে।বিশ্বকাপের এই বিশেষ সাংস্কৃতিক পর্বে অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী। অনন্য এই সংগীত আয়োজনে নোরা ফাতেহি মঞ্চে তার একদম নতুন একটি ওরিজিনাল গান পরিবেশন করেন।
মেগা মঞ্চে পারফরম্যান্সের সময় তার সাথে সহ–শিল্পী হিসেবে আরও অংশ নেন ফরাসি প্রখ্যাত পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশি–আমেরিকান গায়ক সঞ্জয়। এই তিন ভিন্ন ঘরানার আন্তর্জাতিক শিল্পীর যৌথ ও ফিউশনধর্মী পরিবেশনাটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিভিন্ন মেগা অনুষ্ঠানেও নিজের অনন্য মঞ্চনৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেছিলেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি।
নোরার পাশাপাশি টরন্টোর এই উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে পারফর্ম করেন বিশ্বখ্যাত মেগা তারকা অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ান্না এবং মাইকেল বুবলে।





















