এবার রাজধানীর যাত্রাবাড়ী দনিয়ায় ভোট দিতে গিয়ে কেন্দ্রের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে। তার নাম আবু সাঈদ সরকার (৫৩)। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত আবু সাঈদের ছেলে ফারহান ইশরাক জানান, তাদের বাসা মুগদা মানিকনগর। তবে এর আগে তারা থাকতেন কাজলা এলাকায়। সেখানকার ভোটার তার বাবা–মা। তারা বাবা–মা সকালে মানিকনগরের বাসা থেকে বের হয়ে দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। কেন্দ্রের ৪র্থ তলার বুথে ওঠার সময় ৩য় তলার সিঁড়িতেই অসুস্থ হয়ে পড়েন। তখন তার মা তার বাবাকে ধরে ৪র্থ তলায় নিয়ে যান। সেখানে আরও খারাপ অনুভব করলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়৷ তবে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি আরও জানান, তার বাবা একজন হার্টের রোগী। শারীরিক অসুস্থতার কারণে সকালে তার মা তাকে ভোট কেন্দ্রে যেতে না করেছিলেন। তবে পছন্দের প্রতীকে ভোট দিতে নাছোরবান্দা তার বাবা স্ত্রীকে সাথে নিয়েই কেন্দ্রে গিয়েছিলেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) শতরূপা কুন্ড জানান, দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। পরিবার জানিয়েছেন, তিনি হার্টের রোগী ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।























